ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রীকে পেটানোয় ঢাকার কেরানীগঞ্জের এক এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ওই শিক্ষককে তিন দিনের মধ্যে বরখাস্ত করতে বেসরকারি ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলা হয়েছে। বাতিল করা হয়েছে তার এমপিও, অর্থাৎ তার বেতনের যে অংশ সরকার দিত, তা আর পাবেন না তিনি।
অভিযুক্ত শিক্ষক হলেন কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জারজিস আহম্মেদ।
গত ১৯ ফেব্রুয়ারি ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে পেটানোয় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর-রশীদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওই শিক্ষকের নির্যাতনে ওই শিক্ষার্থী চোখে মারাত্মক আঘাত পান। রাজধানীর মিটফোর্ড ও ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।
ঘটনাটি জানার পর শিক্ষা মন্ত্রণালয় তদন্ত চালায়। অধ্যাপক নোমান বলেন, সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতেও পরিচালনা পর্যদকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এছাড়া নির্যাতনের ঘটনার ব্যবস্থা নিতে ব্যর্থ বিদ্যালয় পরিচালনা পর্ষদকেও সতর্ক করেছে মন্ত্রণালয়। শিগগিরই শিক্ষক-অভিভাবক সমিতি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
এ ঘটনায় ছাত্রীর বাবা কেরানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ জারজিসকে গ্রেপ্তার করে বলে জানান নোমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৫১ ঘ.
bdnews24