চবি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতির পদত্যাগকে কেন্দ্র করে সরকার সমর্থক এই সংগঠনের অন্তর্কোন্দল স্পষ্ট হয়েছে।
ছাত্রলীগ নেতারা বলছেন, কর্মীদের চাপে সভাপতির এই সিদ্ধান্ত। তবে সভাপতি মামুনুল হক বলছেন, জোর করে পদত্যাগপত্রে তার সই নেওয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে দুই জন নিহত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়।
এরপর দুই সপ্তাহ পর শুক্রবার ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের পদত্যাগের খবর প্রকাশ হয়।
পদত্যাগের খবর শোনার পর মামুনুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পাঁচলাইশ থানার গোলপাহাড় মোড় থেকে তাকে ১০/১২জন মুখোশধারী তুলে নিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর জিইসি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় ছাত্রলীগের এক কর্মিসভায় শিবিরের সঙ্গে মামুনুলের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে ছাত্রলীগকর্মীরা।
ছাত্রলীগ চবি শাখার জ্যেষ্ঠ সভাপতি আবুল মনসুর শিকদার ও যুগ্ম সম্পাদক সুমন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মামুনুল পদত্যাগ করেছেন।
মামুনুল বলেন, চোখ বেঁধে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রড দিয়ে তাকে পেটানোও হয়। এরপর কাগজে সই নেওয়া হয়।
মামুনুল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ভোর ৪টার দিকে ওই মুখোশধারীরা তাকে হাসপাতালের সামনে ফেলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/২০১৪ ঘ.
bdnews24