ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ধারার শিক্ষা ব্যবস্থাকে একীভূতকরণের তাগিদ এসেছে এক সেমিনার থেকে। একইসঙ্গে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোরও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘মহাজোট সরকারের ৩ বছর: শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অর্জন’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, “তিন ধারায় বিভক্ত শিক্ষাকে একটি ধারায় আনতে হবে।”
বর্তমানে দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষা প্রচলিত রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর তাগিদ দেন।
তিনি বলেন, “একই ধারার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলেই লাভবান হওয়া যাবে। বিভক্তি ধারার শিক্ষা ব্যবস্থা পরস্পরবিরোধী অবস্থানে চলে গেছে। এটা সামাজিক ও জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করছে।”
জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে মেনন বলেন, “জাতীয় ঐক্য ও জাতীয় অগ্রগতির স্বার্থেই একই ধারার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তিন ধারার শিক্ষা ব্যবস্থা থেকে বের হওয়ার আহ্বান জানান।
২০১০ সালের ৭ ডিসেম্বর সংসদে জাতীয় শিক্ষানীতি পাস হয়। নীতিটি প্রণয়নে এর আগের বছরের এপ্রিলে একটি কমিটি করে সরকার।
শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান ও অর্থনীতিবীদ কাজী খলীকুজ্জামান আহমদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
শিক্ষানীতিকে মহাজোট সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই শিক্ষানীতি যুগোপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশ এবং নতুন প্রজন্ম আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষা লাভের সুযোগ পাবে।”
“শিক্ষানীতি বাস্তবায়ন করতে ৯ থেকে ১০ বছর সময় লাগতে পারে।”
শিক্ষাখাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষানীতির আলোকে পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে।”
“আগামী এক বছরের মধ্যে ২০ হাজার পাঁচশ বিদ্যালয়কে মাল্টিমিডিয়া স্কুলে রূপান্তর করা হবে।”
১৯৭২ সালে শিক্ষাবিদ ড. কুদরাত-এ-খুদার নেতৃত্বে দেশের প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনের করা শিক্ষানীতিটি বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় এসে আবার শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেয়। এরপর ‘শিক্ষানীতি-২০০০’ প্রণীত হলেও তাও বাস্তবায়িত হয়নি। ২০০৮ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে পরের বছর শিক্ষানীতি প্রণয়ন কমিটি করে আওয়ামী লীগ।
বৃহস্পতিবারের সেমিনারে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অনুপম সেনের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১০২ ঘ.
bdnews24