ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চার দলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার জাফর আহমেদ জানান, ওই সময়ে প্রায় ১১শ’ কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সংখ্যার বাইরে আরো প্রায় ১০০ নিয়োগ হয়েছিল যারা বিভিন্ন সময় নিজেরাই চাকরি ছেড়ে চলে যান।
আদালতের আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সেখানে আবেদন করতে পারবে এই মামলায় পক্ষভুক্ত চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীরা। এ ক্ষেত্রে নিয়োগের বয়সসীমাও শিথিলযোগ্য।
তবে যোগ্যতা প্রমাণের জন্য তাদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায় অনুযায়ী, এই নিয়োগের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোও আইনগতভাবে পুনর্বিন্যস্ত করতে হবে। এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। অন্তত পাঁচটি জাতীয় দৈনিকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
আদালত নির্দেশনায় বলেছে, চাকরিচ্যুত কর্মচারীরা ওই নিয়োগ পাওয়ার পর থেকে যে বেতন-ভাতা নিয়েছেন, তা ফেরত দিতে হবে না।
আদালতে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জাফর আহমেদ। আর সরকারপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
বিশ্বজিৎ রায় বলেন, “আদালত ৬ মাসের মধ্যে রায় বাস্তবায়ন করতে বলেছে। তার মানে হচ্ছে, এই সময়ের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করে বিজ্ঞপ্তি দিয়ে এ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।”
তবে এই সময়সীমার বিষয়টি স্পষ্ট নয় বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জাফর আহমেদ।
জাফর আহমেদ সাংবাদিকদের আরো বলেন, “মূল রিটে নিয়োগ প্রক্রিয়াই চ্যালেঞ্জ করা হয়েছিলো। ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত ওই কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল।”
“তবে তাদের নিয়োগে প্রকাশিত ৫টি বিজ্ঞাপনই ২০০৪ সালের। তার মানে হচ্ছে, এদের অনেককে আগে নিয়োগ দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা বৈধ করে নেওয়া হয়।”
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ২০০৪ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করেন, যাতে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। হাই কোর্টের একটি বেঞ্চ ২০০৬ সালে ওই রিট আবেদনটি খারিজ করে।
পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাই কোর্টের অন্য একটি বেঞ্চ গত ২৩ অগাস্ট ওই কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার আদেশ দেয়।
ওই আদেশের প্রেক্ষিতে সেই সময়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুতও করা হয়। কিন্তু চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে তিনটি আপিলের আবেদন করেন। এরপর আপিল বিভাগ গত ৪ ডিসেম্বর হাই কোর্টের আগের দুই রায় বাতিল করে মূল রিট আবারও নিষ্পত্তির আদেশ দেয়।
এই পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার রিট আবেদনটি নিষ্পত্তি করে ওই সময়ের নিয়োগ অবৈধ ঘোষণা করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/পিডি/২০১৩ ঘ.
bdnews24