২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ ছাড়লেন জাবির আরো চার সহকারী প্রক্টর

আন্দোলনের মুখে প্রক্টর ও তার দুই সহকারীর পর আরো চার জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মুখে প্রক্টর ও তার দুই সহকারীর পর আরো চার জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। রোববার তাদের পদত্যাগের পরপরই নতুন চারজনকে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা। পদত্যাগীরা হলেন, মো. কামাল হোসেন, মুহাম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার ও সাব্বির আলম। ব্যক্তিগত কারণ দেখিয়ে এরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে পদত্যাগপত্র জমা দিলে দুপুরে তা গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। পদত্যাগপত্র গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক কে এম আককাছ আলী, দর্শন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার হালদার, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহীম খালেদ ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের প্রভাষক হুসাইন মো. সায়েমকে দুই বছরের জন্য সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ দেন উপাচার্য। ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়ে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের মৃত্যু হলে প্রতিবাদে ফুসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি প্রক্টর ও তার সহকারীদের পদত্যাগ ছিলো তাদের অন্যতম দাবি। এ দাবিতে এখনো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকদের একটি অংশ। প্রতিবাদকারী ছাত্র-শিক্ষকদের দাবি মেনে গত ১৬ জানুয়ারি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ান আরজু মিয়া। তার পথ অনুসরণ করে ৪ ফেব্র“য়ারি সহকারী প্রক্টর কবিরুল বাসার এবং ৬ ফেব্র“য়ারি ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেন। এদিন চারজনের পদত্যাগের মধ্য দিয়ে আরজু মিয়ার সহকারীদের মধ্যে আর কেউ প্রক্টরিয়াল বডিতে রইলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৪২ ঘ.