২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মিলন উৎসবে মুখরিত শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তিনদিন ধরে ছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তিনদিন ধরে ছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম এই পুনর্মিলন উৎসবের শেষদিন শনিবার সকাল থেকে ছিল নানা আয়োজন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এরও ২১ বছর পর এবারই অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব। আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আয়োজন মাইলফলক হয়ে থাকবে আগামী প্রজন্মের জন্যে। অনেক বছর পরও আমরা প্রত্যেকেই দেখব পুনর্মিলনীর এই স্মৃতি আমাদের মনের মণিকোঠায় ক্রিস্টালের আধারে বন্দি।” উৎসবের নিয়মিত আয়োজনে শনিবারও ছিল জব ফেয়ার। এছাড়া ছিল কার্টুন, জ্যোতিবিদ্যা সম্পর্কিত আলোকচিত্র, সাধারণ আলোকচিত্র ও মুখোশ প্রদর্শনী। সকাল থেকে ক্যাম্পাস জুড়ে সাবেক শিক্ষার্থীদের দল বেঁধে ছবি তুলতে দেখা যায়। একাডেমিক ভবনগুলোয় বসে বিভাগভিত্তিক পুনর্মিলনী। এতে নতুনরা বরণ করে নেয় বিভাগের সাবেক শিক্ষার্থীদের। দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বসে স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের গল্পগাথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বিকালে বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে হয় রম্য বিতর্ক। আর সন্ধ্যার পর রয়েছে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের কনসার্ট। এরপর র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের এই উৎসব। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই পুনর্মিলনী উৎসবের মিডিয়া পার্টনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫১ ঘ.