রাবি, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলে কে আবাসিক ছাত্র, আর কে নয়- তা দেখার দায়িত্ব প্রশাসনের হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এই কাজটি করছে ছাত্রলীগের নেতারা।
শিক্ষার্থীরা বলছেন, হলের কক্ষে কক্ষে গিয়ে ছাত্রলীগ নেতারা নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। এর কারণ জানতে চাওয়ায় নাজেহাল হয়েছেন এক সাংবাদিক।
ছাত্রলীগ নেতারা বলছেন, হলের সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এই কাজ করেছেন, যা হল প্রশাসনকে জানিয়েই করা হয়েছে। তবে প্রাধ্যক্ষ বলেছেন, এই ধরনের কোনো বিষয়ে ছাত্রলীগ নেতারা তার সঙ্গে কথা বলেনি।
হল শাখার নেতাদের এই কাজের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা বলেছেন, তারা অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা জানায়, গত বুধবার রাতে হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতারা বিভিন্ন কক্ষে কক্ষে অভিযান চালায়। তারা শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে বলে। অনেক শিক্ষার্থী এতে অস্বীকৃতি জানালে তাদের গালাগাল ও হুমকি দেওয়া হয়।
এরপর বৃহস্পতিবার নিউ এইজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী নাজিম মৃধা ছাত্রলীগ নেতাদের কাছে তাদের এই ভূমিকার কারণ জানতে চাইলে তাকে রাতে ২২৮ নম্বর কক্ষে দেখা করতে বলা হয়।
নাজিম সাংবাদিকদের বলেন, “রাতে আমি দেখা করতে যাওয়ার আগেই হল ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেন দুই কর্মীকে পাঠিয়ে আমাকে তার কক্ষে নিয়ে যান। এরপর কয়েক ঘণ্টা ধরে আমাকে শারীরিক ও মানসিকভাবে নাজেহাল করা হয়। এসব নিয়ে পত্রিকায় সংবাদ পাঠালে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়।”
নাজিম জানান, এই ঘটনায় তিনি শুক্রবার মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কক্ষে কক্ষে অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম সাংবাদিকদের বলেন, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের কারণে তারা হলের সার্বিক নিরাপত্তার ‘স্বার্থে’ বিভিন্ন কক্ষে গিয়েছিলেন।
“এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে জানানোও হয়েছিল,” বলেন তিনি।
এই বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এ হায়দার বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে হলের ছাত্রদের আবাসিকতা-অনাবাসিকতা দেখার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ছাত্রলীগ নেতারা হল কর্তৃপক্ষকে কিছু জানায়নি।
সাংবাদিককে নাজেহালের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, বিষয়টি তারা শুনেছেন। এই বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24