জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুনর্গঠনসহ সাত দফা দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষক সমাজ’র আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন লিখিত বক্তব্যে এ কর্মসূচির কথা জানান।
১১ থেকে ১৮ ফেব্র“য়ারি পর্যন্ত কর্মসূচির মধ্যে রয়েছে- উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশ, রাষ্ট্রপতি বরাবর খোলাচিঠি প্রেরণ, শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে সাক্ষাৎ, জুবায়ের হত্যাকাণ্ডসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের গণতদন্ত কমিটি গঠন।
এ ব্যাপারে প্রক্টর তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমাজের কর্মসূচি সম্পর্কে অবহিত হয়েছি এ বিষয়ে তেমন কিছু বলার নেই।”
গত ৮ জানুয়ারি ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি মারা যাবার পর ‘শিক্ষক সমাজ’ নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছেন।
শিক্ষকদের সাত দফার মধ্যে রয়েছে- প্রক্টরিয়াল বডি পুনর্গঠন, জুবায়ের হত্যা ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন। এছাড়াও অছাত্র ও সন্ত্রাসীদের অবাঞ্ছিত ঘোষণা এবং ৫ম সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণের দাবিও জানান তারা।
শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক মানস কুমার চৌধুরী বলেন, “যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে প্রশাসন শিক্ষকদের সঙ্গে ‘টম এন্ড জেরি’ খেলা খেলছে।”
শিক্ষকরা জানান, গত চার ফেব্র“য়ারি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির তার কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের অচিরেই দাবি মানার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। তবে প্রতিশ্র“তি অনুযায়ী দাবি মেনে না নেওয়ায় নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন তারা।
১০ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন শিক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24