বরিশাল, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন বাতিল হওয়া বরিশাল সরকারি কলেজের ইংরেজি সম্মানের ১২ শিক্ষার্থী অধ্যক্ষকে আধঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন।
বুধবার দুপুরে এ ঘটনার পর অধ্যক্ষ একেএম মজিবর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিনের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এক বছর ক্লাস করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ২৩টি কলেজের দুইশ’ শিক্ষার্থী জানতে পারেন তাদের ভর্তি সঠিক ছিল না। এরমধ্যে বরিশাল সরকারি কলেজের হলেন ১২ জন।
শিক্ষার্থী নেয়ামুল ইসলাম মুনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিষয় নির্বাচন করা হয়। সেই অনুযায়ী ভর্তি হয়ে এক বছর ধরে নিয়মিত ক্লাস করছি। হঠাৎ করে জানানো হলো, আমরা ইংরেজি বিষয়ে ভর্তি হতে পারিনি।”
“এজন্য মানববন্ধন করা হয়েছে। স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। তাই সমস্যা সমাধানের দাবিতে দুপুর দেড়টায় কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করেছি,” যোগ করেন তিনি।
মুনিম আরো বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এরমধ্যে সিদ্ধান্ত না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অধ্যক্ষ মজিবর ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিনের সঙ্গে কথা বলেছি। তারা ২/১ দিনের মধ্যে স্টাফ কাউন্সিলের সভা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।”
“ছাত্ররা অনলাইন থেকে উত্তীর্ণ হওয়ার ফলাফল ডাউনলোট করে প্রিন্ট নিয়েছে। সেখানে তারা ইংরেজি বিষয়ে ভর্তি হতে পারবে উল্লেখ ছিল। সেই অনুযায়ী তারা ভর্তি হয়েছে। সেখানে কলেজের কোনো দায় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে,” বলেন অধ্যক্ষ।
তার মাধ্যমে ছাত্ররা একটি আবেদনপত্র পাঠিয়েছে উল্লেখ করে অধ্যক্ষ বলেন, “বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তাই এর বেশি আমার করার কিছু নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24