২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি উত্তরপত্র মূল্যায়নে কারসাজির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কারসাজির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কারসাজির অভিযোগ পাওয়া গেছে। সি-১ ইউনিটের (ফার্মেসি, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও রসায়ন) উত্তরপত্র মূল্যায়নের সময় বাইরে থেকে নিয়ে আসা মূল্যায়ন টিমের দুই সদস্য কারসাজির আশ্রয় নিলে শুক্রবার রাতে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আটককৃতদের নাম প্রকাশ করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্র মূল্যায়নের জন্য ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) যন্ত্রসহ একটি দলকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়। “ওই দলের দু’জন সদস্য কয়েকটি উত্তরপত্র নিজে পূরণ করার চেষ্টা করেন। আমরা বিষয়টি জানার পর উত্তরপত্র মূল্যায়ন বন্ধ রেখেছি। তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছি।” সাধারণত তিন-চার দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এ ঘটনার কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে, তবে ফল প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করা হবে এবং ফের উত্তরপত্র মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ওই দুই সদস্যকে উত্তরপত্র মূল্যায়ন থেকে বিরত রেখেছি। তাদেরকে ঢাকায় ফিরিয়ে দেয়া হয়েছে।” কেন তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হল না- এ প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, শিক্ষার্থীদের মনে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি যাতে না হয় এ ব্যাপারে কর্তৃপক্ষ সতর্ক ছিল। সেজন্য দায়ীরা মুচলেকা দেয়ায় কর্তৃপক্ষ তাদেরকে সর্তক করে দিয়েছে। গত ৮ অক্টোবর সি-১ ইউনিটের পরীক্ষায় ২৬ হাজার ২৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৯ ঘ.