জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো উত্তরসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
অভিযোগ ওঠেছে, প্রশ্নপত্র বিতরণের সঙ্গে সঙ্গেই তা বাইরে ফাঁস করে দেয়া হয়।
শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর ১০ মিনিটের মাথায় মো. মোকাদ্দেস হোসেন নামের ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোনে এসএমএসে পাঠানো উত্তরসহ আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে ছাড়াতে ছাত্রলীগকর্মী মুস্তাফিজুর রহমান শেপু পরীক্ষা কেন্দ্রে গেলে তাকেও আটক করা হয়।
অবশ্য প্রক্টোরিয়াল কমিটির বৈঠকের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
মোকাদ্দেস জানিয়েছেন, উত্তরসহ ধরা পড়লে তাকে ছাড়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী মুস্তাফিজুর রহমান শেপু পরীক্ষা কেন্দ্রে গেলে তাকেও আটক করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের কাছে তুলে দেয়া হয়।
মোকাদ্দেস ও শেপুকে প্রক্টোরিয়াল বডির সদস্যদের হাতে তুলে দেয়ার পরপরই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম শরীফুল ইসলামের নেতৃত্বে সংগঠনের কয়েক জন নেতা প্রক্টরের কক্ষে যান। এরপর তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন।
সন্ধ্যায় উপাচার্য মেজবাহ উদ্দীন আহমেদ, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটি সদস্য, প্রক্টোরিয়াল বডি ছাত্রলীগ নেতাদের নিয়ে বৈঠকে বসে।
পরে তাদের দুই জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান প্রক্টর অশোক কুমার সাহা।
অবশ্য এ ঘটনার সঙ্গে সংগঠনের কোনো কর্মী জড়িত নেই বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি এসএম শরীফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ডেকেছিল, তাই আমি গিয়েছিলাম। শেপু ছাত্রলীগের কেউ নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১২৬ ঘ.
bdnews24