রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যায়ামের যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কৌশল উদ্ভাবনের দাবি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই তিন তরুণ বিজ্ঞানী এ কথা প্রকাশ করেন।
এরা হলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ্দাত হোসেন রাজিব, মোস্তফা রিশাত কামাল এবং ইলেকট্রিক্যল আন্ড ইলেকট্রনিক্স বিভাগের দিপু বিশ্বাস।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যন্ত্রটির মাধ্যমে হাত ও পায়ের ব্যায়াম চলবে এবং সেই সঙ্গে বিদ্যুৎও উৎপাদিত হবে।
এ যন্ত্রটি একঘণ্টা ৪৫ মিনিট চালালে প্রায় তিনশ’ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে বলে তারা জানান।
উৎপাদিত বিদ্যুতে ব্যায়ামাগারের প্রয়োজনীয় আলোর চাহিদা মেটানো সম্ভব হবে বলেও তারা দাবি করেন।
এই তিন তরুণ বিজ্ঞানী বলেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ প্রকল্প তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। খরচ হয়েছে প্রায় সাত হাজার টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদন করলে আরো সাশ্রয়ী মূল্যে কাজটি করা সম্ভব।
রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ড. নীরেন্দ্রনাথ মুস্তাফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবিত যন্ত্রটি সত্যিই প্রশংসার দাবিদার। সারা দেশের বিদ্যুৎ সংকট কিছুটা হলেও এই যন্ত্রের সাহায্য প্রশমন করা সম্ভব হবে।
উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম বলেন, “এটি অবশ্যই একটি ভাল উদ্যোগ, যা বিদ্যুৎ উৎপাদনে কিছুটা হলেও অবদান রাখবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24