ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ‘সত্য অনুসন্ধানের’ জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ‘একদল মুক্তিযোদ্ধার সন্তান’।
বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৫০টি ই-মেইল ঠিকানা থেকে প্রধানমন্ত্রীর ই-মেইলে চিঠিগুলো পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ জুলাই জাতীয় সংসদে এ ই-মেইল ঠিকানাটি উন্মুক্ত করে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠানো একটি চিঠির অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে, যাতে বলা হয়েছে, “গত ১১ জুন থেকে ‘৩২তম (বিশেষ) বিসিএস’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ২৭ সেপ্টেম্বর। প্রকাশিত এই ফলাফল দেখে আমরা বিস্মিত এবং শোকাহত। এটি যে একটি অস্বাভাবিক ফলাফল তা বুঝতে কোন অনুসন্ধানী প্রতিবেদন প্রয়োজন নেই, সাধারণভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়।”
নারী, আদিবাসী ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এই বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় ১০ হাজার ৮০০ জনের বিপরীতে ২ হাজার ৭৮৮ জন উত্তীর্ণ হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এটি বিসিএস পরীক্ষার ইতিহাসে একটি ‘বিরল ঘটনা’। এর আগে কোনো বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণের হার এতো কম ছিল না বলে দাবি করা হয় চিঠিতে।
“উত্তীর্ণদের মধ্যে অধিকাংশ আবার নারী ও উপজাতি কোটার। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের তুলনামূলক হার আরো অনেক কম। যদিও নারী কোটা ও উপজাতি কোটায় পদের সংখ্যা খুবই কম। এর আগে ৩০তম বিসিএসে ১২ হাজার প্রার্থীর বিপরীতে ৯ হাজার এবং ৩১তম বিসিএসে ১০ হাজারের বিপরীতে ৭ হাজার পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়।”
তবে কেন ৩২তম (বিশেষ) বিসিএস লিখিত পরীক্ষায় এতো কম পরীক্ষার্থী উত্তীর্ণ হল- এমন প্রশ্ন রেখে চিঠিতে বলা হয়, “এর তিনটি উত্তর হতে পারে। এগুলো হচ্ছে, ২৭৮০ জন বাদে বাকি সব পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় ফেল করেছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অভ্যন্তরে থেকে কোনো একটি স্বার্থান্বেষী মহল (জামায়াতপন্থী) মুক্তিযোদ্ধাদের পরিবারকে এই সুযোগ থেকে বঞ্চিত করার এবং তাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে, অথবা ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো ভুল হয়েছে।”
প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়, আগের বিসিএসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রার্থীদের ৯৮ শতাংশই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও এবার উত্তীর্ণ হয়েছে মাত্র ১০ শতাংশ।
“একই রকম চিত্র দেখা যায় বুয়েট, জাহাঙ্গীরনগর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। এর মানে হচ্ছে, দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষাথীরা এই পরীক্ষা দিতে গিয়ে সবাই একসাথে মেধাহীন হয়ে গিয়েছে- যা অবিশ্বাস্য ও হাস্যকর।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী, এমন পরিস্থিতিতে আমরা শুধু এই ঘটনার আড়ালের সত্য অনুসন্ধানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরিবারকে অসম্মানের হাত থেকে রক্ষার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০৯৫০ ঘ.
bdnews24