২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগকর্মীরা এক ছাত্রকে পেটানোর পর বুধবার ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ করে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগকর্মীরা এক ছাত্রকে পেটানোর পর বুধবার ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকালে শিক্ষা পর্ষদের এক সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ঈদ ও দুর্গাপূজার ছুটি এক সপ্তাহ এগিয়ে বৃহস্পতিবার থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বুধবার বিকাল সাড়ে ৫টা এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে বলে জানান তিনি। এই বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি হল রয়েছে, এর মধ্যে ছেলেদের চারটি, বাকি একটি মেয়েদের। মঙ্গলবার রাতে শহর থেকে চুয়েটগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে এক শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীরা পেটায় বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দোষীদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলন শুরু হয়। ছাত্রলীগ ও ‘সাধারণ শিক্ষার্থীদের’ মুখোমুখি অবস্থানের মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৮২৮ ঘ.