২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল নিয়ে গোল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে একটি খেলায় গোল দেয়া নিয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

রংপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে একটি খেলায় গোল দেয়া নিয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনায় শিক্ষক ও ছাত্ররা আলাদাভাবে ক্লাস বর্জনের হুমকি দিয়েছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকালে রসায়ন ও পরিসংখ্যান বিভাগের মধ্যে খেলা চলছিল। রসায়ন বিভাগের দল পরিসংখ্যন বিভাগকে গোল দিলে দু’পক্ষের মধ্যে গোলযোগ বেধে যায়। “দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল লতিফ পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ আলম বসুনিয়ার গালে একটি চড় মারেন। তখন পরিসংখ্যান বিভাগের ছাত্ররা লতিফের উপর চড়াও হন,” বলেন তিনি। তারপরই শুরু হয়ে যায় দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানান এসআই। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষককে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে বুধবার সকাল থেকে ক্লাশ বর্জন করবেন শিক্ষকরা। এদিকে ইমতিয়াজ আলম বসুনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ১২টার মধ্যে ঘটনার সমাধান করা না হলে তারা সকল ক্লাশ ও পরীক্ষা বর্জন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল জলিল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৪ ঘ.