২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সংঘর্ষ: শিবিরের মামলা না নেয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্র শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্র শিবির। সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র শিবিরকর্মী জহুরুল হক শনিবার মতিহার থানায় মামলা দায়ের করতে যান বলে জানান সংগঠনটির নেতারা। তবে পুলিশ বলছে, ছাত্র শিবিরের কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। গত মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন শিবিরের শতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে। শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আশরাফুল আলম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর নামোল্লেখ করে প্রায় দেড়শ নেতাকর্মীর নামে মতিহার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তা গ্রহণও করেন। কিন্তু আহত অপর এক শিবিরকর্মী মোবারক হোসেন বাবু বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করলে পুলিশ সেটি গ্রহণ করেনি বলে দাবি করেন শিবির নেতা। তিনি বলেন, থানায় মামলা নথিভুক্ত না হলে অচিরেই আদালতে মামলা করা হবে। তবে, মতিহার থানার ওসি আনিছুর রহমান বলেন, “শিবিরের পক্ষ থেকে থানায় কোন প্রকার অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তা গ্রহণ করা হবে কিনা ভেবে দেখা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৮ ঘ.