রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা। পরিস্থিতি শান্ত করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন প্রক্টোরিয়াল বডির ছয় সদস্য।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষের পর ছাত্র শিবির ক্যাম্পাসের বাইরে এবং ছাত্রলীগ ভেতরে অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে পুলিশ থাকলেও সংঘর্ষের সময় তারা ‘নিরব ভূমিকা’ পালন করে বলে অভিযোগ করেছেন সাধারণা শিক্ষার্থীরা।
তারা জানান, গত মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়ে দেয়ার মামলায় শিবির কর্মীদের আটক করার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। সোমবার ছাত্রশিবির কর্মীরা ক্যাম্পাসে এসে ‘শোডাউন’ করলে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শিবির কর্মীরা আবারো কেন্দ্রীয় পাঠাগারের দক্ষিণ চত্বরে জড়ো হলে এর কয়েকশ গজ পশ্চিমে শহীদুল্লাহ কলাভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা।
এক পর্যায়ে তারা শিবির কর্মীদের ধাওয়া করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় শিবির কর্মীরা।
এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের তিনটি পথ বিনোদপুর, কাজলা ও প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে সংঘর্ষের পর বেলা ১২টার দিকে ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ভবনের ফটকে ভাংচুরের চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলঢিফকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাধা দিতে গেলে ছাত্রলীগ কর্মীরা আমাদের ৬ সদস্যকে লাঞ্ছিত করে।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে।”
শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে থেকে মিছিল করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও ছাত্রলীগ কর্মীদের মিছিল করতে দেখা যায়।
ক্যাম্পাসে পুলিশ থাকলেও পুরো ঘটনায় তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গোলাম সাত্তার তাপু বলেন, “আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৫৫ ঘ.
bdnews24