শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক-শিক্ষার্থীদের বাসে ফের হামলা চালিয়েছে।
গত ১৫ জানুয়ারি থেকে ছাত্রশিবির তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিস্টকালের ধর্মঘট পালন করছে। পাশাপাশি ধর্মঘট উপেক্ষা করে চলছে ক্লাস ও পরীক্ষা। ধর্মঘট শুরুর পর থেকেই শিবির বেশ কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় শিক্ষার্থীদের দুটি বাস এবং কদমতলী এলাকায় শিক্ষকদের একটি বাস শিবিরের নেতা-কর্মীরা ভাংচুর করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের বাস চালক মো. মনির উদ্দিন।
এতে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজবাহ উদ্দিনসহ কয়েকজন আহত হয়। মিজবাহকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মিজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাসটি শাহী ঈদগাহ থেকে ছেড়ে আসে। নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে আসা শিবির নেতা-কর্মীরা এতে হামলা ও ভাংচুর করে।
“এতে বাসের কাঁচ ভেঙে আমার চোখে পড়ে এবং অন্যদের গায়ে লাগে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, “সকালে বাস ভাঙ্গার খবর পেয়েছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পরীক্ষা-ক্লাসের পাশাপাশি বিভিন্ন বিভাগের ল্যাব ও সব ধরনের প্রশাসনিক কাজ চলছে বলে রেজিস্টার ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, সকালে নির্ধারিত সময় অনুযায়ী ক্যাম্পাস থেকে সব রুটের বাস ছেড়ে যায়।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন বলেন, সবাইকে শান্তির পথে আসতে হবে। অশান্তি বা জিম্মি করে নয়, এতে জানমালের ক্ষতি হয়।
তিনি ধর্মঘট প্রত্যাহার করার জন্য শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর খবরে ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই শিবির ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩২ ঘ.
bdnews24