২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর সময় পেল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব জমিতে ক্যাম্পাস স্থানান্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এক বছর সময় দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব জমিতে ক্যাম্পাস স্থানান্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এক বছর সময় দিয়েছে সরকার। মূল ক্যাম্পাস নিজস্ব জমিতে স্থানান্তর না হওয়া পর্যন্ত নতুন বিষয়, প্রোগ্রাম, অনুষদ খোলা এবং অন্য কোথাও ক্যাম্পাস স¤প্রসারণের অনুমতি দেওয়া হবে না। তবে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর আলোকে সনদ অর্জনে/সনদ লাভের গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে পরবর্তী করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০১১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব জমিতে ক্যাম্পাস স্থানান্তরের সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে ক্যাম্পাস স্থানান্তর না করলে নতুন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সভায় জানানো হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আহছানউল্ল্যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস স্থাপন করেছে। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্যাম্পাস স্থাপনের কাজ নির্মাণাধীন রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়কে আগামী এক বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কার্যক্রম শেষ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত পরিমাণ জমিতে নকশা অনুমোদন করলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেটের লিডিং ইউনিভার্সিটি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্মাণ কাজ শুরু করেনি বলে সভায় জানানো হয়। এসব বিশ্ববিদ্যালয়কে আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করে মন্ত্রণালয়কে অবহিতকরণ এবং আগামী এক বছরের মধ্যে ক্যাম্পাস স্থানান্তর কাজ শেষ করে মন্ত্রণালয় ও ইউজিসিকে জানাতে বলা হয়েছে। সভায় জানানো হয়, ইস্টার্ণ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রামের সাউদার্ণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রেসিডেন্সী ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটি নির্ধারিত পরিমাণ জমি কিনলেও ভবন নির্মাণের নকশা অনুমোদন হয়নি। আগামী ছয় মাসের মধ্যে নকশা অনুমোদন করিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নির্মাণ কাজ শুরু করে আগামী এক বছরের মধ্যে ক্যাম্পাস স্থানান্তর শেষ করতে হবে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে ইবাইস, অতীশ দীপংকর ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসন করে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে জানাতে হবে। অন্যথায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নর্দার্ন, ইউআইটিএস ও লিডিং বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয়ের সরকার ও কমিশনের সঙ্গে মামলা রয়েছে সেগুলো আদালতের মাধ্যমে দ্রুত নিরসন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম শেষ না হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তদন্তে গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের সম্বন্বয়ে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নামে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জমি কিনেছে অথবা নির্ধারিত পরিমাণ জমি বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করেনি তাদের আগামী ৬ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নামে নির্ধারিত পরিমাণ জমি ক্রয়/হস্তান্তরপূর্বক নাম জারি করে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে আগামী এক বছরের মধ্যে ক্যাম্পাসে স্থানান্তর করতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় ইউজিসি চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩১৯ ঘ.