২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমেকে ভাংচুরে মামলা: আসিফসহ ৮০০ আসামি

স্থানীয়দের নিয়োগ নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভাংচুরের ঘটনায় জাতীয় পার্টি সাংসদ মকবুল শাহরিয়ার আসিফসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

রংপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়দের নিয়োগ নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভাংচুরের ঘটনায় জাতীয় পার্টি সাংসদ মকবুল শাহরিয়ার আসিফসহ ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার গভীর রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আবু বক্কর ছিদ্দিক (২৫) নামে যুবককে শনিবার সন্ধ্যার পর হাসপাতাল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রমেক হাসপাতালে ১৮৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে গঙ্গাচড়ার প্রার্থীদের কোটা না থাকায় শনিবার দুপুরে রংপুর-১ আসনের সাংসদ এবং জাতীয় পার্টি চেয়ারম্যান হোসাইন মোহম্মদ এরশাদের ভাইপো আসিফের নেতৃত্বে সাত থেকে আটশ’ লোক মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে এবং ভাংচুর চালায়। এ সময় হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে আসিফের মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা করবেন না। এদিকে রোববারও হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছিল। গোলযোগের আশঙ্কায় হাসপাতালে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.