ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আর শিক্ষা বোর্ডগুলোর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোর তথ্য আদান প্রদান হবে অনলাইনে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
প্রতি বছর ১ ফেব্র“য়ারি থেকে এসএসসি পরীক্ষা নেওয়া হবে উল্লেখ করে নাহিদ বলেন, “আমরা একটি স্থিতিশীল অবস্থায় এসে পৌঁছেছি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।”
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে আগামী ১ ফেব্র“য়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা হবে।
প্রথমবারের মতো এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা বেশি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “এবার এসএসসিতে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩২ হাজার ৮১৮ জন ছাত্রী এবং ৫ লাখ ২০ হাজার ১১৫ জন ছাত্র। এসএসসিতে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৬৭ জন বেশি।”
এছাড়া দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে বলে জানান তিনি।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী।
গত বছর এ পরীক্ষায় ১৩ লাখ ১৫ হাজার দুই জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫ হাজার ৫৫ জন।
মন্ত্রী জানান, এবার ২৬ হাজার ৮৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেদ্দা, রিয়াদ, আবুধাবী, দুবাই, দোহা, বাহরাইন ও ত্রিপলী কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী সংখ্যা ২৭৪ জন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার অতিরিক্ত সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২০ মিনিট করা হয়েছে বলে জানান নাহিদ।
তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্র“তি লেখককে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। ঢাকা বোর্ডের আওতাধীন ঢাকা বধির স্কুলে ৪৬ জন শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থী রয়েছে।”
১ জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ায় বছরের প্রথম দিন থেকেই তারা ক্লাস শুরু করতে পেরেছে বলে জানান তিনি।
“এবারো সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে,” যোগ করেন শিক্ষামন্ত্রী।
২১ বিষয়ে সৃজনশীল প্রশ্ন
এবার ২১টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “২০১০ সালে দুইটি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছিল। গত বছর ১০টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়।”
এবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে বলে জানান নাহিদ।
‘পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি নয়’
এসএসসি পরীক্ষা চলাকালে দেশের সব রাজনৈতিক দল কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ‘দায়িত্বশীল’ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, “যারা পরীক্ষা দিচ্ছে তারা কোনো দলের পরিচয়ে পরিচিত না। আমি আশা করব এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন।”
পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার ক্ষেত্রে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি কোনো আহ্বান রাখবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি এখনো দলীয় ব্যক্তি হিসেবে নয়, শিক্ষা মন্ত্রী হিসেবে কথা বলছি।”
“রাজনৈতিক নেতৃবৃন্দ যথেষ্ট দায়িত্বশীল বলে আমি মনে করি। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা সহযোগিতা করবেন,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “রাজনীতিবীদরা পরীক্ষার হলে যেতে পারবেন না। তবে প্রয়োজনে তাদের ডাকা হলে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন।
বিভিন্ন স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার দিন দিন কমছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে বর্তমানে প্রাথমিকে ৭৮ লাখ শিক্ষার্থীকে এবং মাধ্যমিকের ৩৯ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৪৭ ঘ.
bdnews24