২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পূর্তিতে চট্টগ্রাম চারুকলায় উৎসব

চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুশিল্প শিক্ষার ৪০ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে চট্টগ্রাম চারুকলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুশিল্প শিক্ষার ৪০ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে চট্টগ্রাম চারুকলায়। বরেণ্য শিল্পী মর্তুজা বশীর বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর বাদশা মিঞা সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উৎসব উপলক্ষে ইনস্টিটিউটকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, শিল্পীরা সকাল থেকেই ইনস্টিটিউট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। গানের দল ‘রক্তকরবী’র সূচনা সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর বাংলার ঢোলের বোল পরিবেশন করেন ঢোলক সুনীল জলদাস ও তার দল। উদ্বোধনী অনুষ্ঠানে মর্তুজা বশির বলেন, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের মতো চারু শিল্পের বিকাশেও চট্টগ্রাম অগণী ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী সবিহ্ উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক আহমেদ নেওয়াজ। উৎসবের উদ্বোধন শেষে প্রাক্তণ শিক্ষার্থী ও শিক্ষকদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন্নবী ও মাহমুদুল হক। ৪০ বছর আগে ১৯৭২ সালে চট্টগ্রাম নগরীতে চারুকলা কলেজের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আলাদাভাবে চারুকলা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালে কলেজ ও বিভাগ একীভূত হয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট হিসেবে। এ উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেতার বাজাবেন সাজেদুল আলম, সঙ্গীত পরিবেশন করবেন শিবশঙ্কর রায়। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করবেন শ্রেয়শী রায়, চিত্রলেখা গুহ ও বিশ্বরূপ রুদ্র। রাতে সঙ্গীত পরিবেশন করবে ব্যাণ্ড দল সোলস। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ‘চট্টগ্রামে চারুকলা চর্চার চার দশক: আধুনিকতা স্বাতন্ত্র্য ও নান্দনিকতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ আবদুল ওয়াজেদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আবুল মনসুর, আবুল মোমেন ও ফয়জুল আজিম। পরে দুপুর ১২টায় স্মৃতিচারণ এবং বিকাল ৩টায় চারু শিল্পীদের সন্তানদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকালে পরিবেশন করা হবে একক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও লোক সঙ্গীত। উৎসবের শেষ দিন শনিবার সকাল ১০টায় স্মৃতিচারণ, বিকাল ৫টায় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী এবং সাড়ে ৭টায় সমাপনী অনুষ্ঠান হবে বলে আয়োজকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরআরডি/জেকে/১৬৩০ ঘ.