চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে এবার ৮ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী বেড়েছে।
চট্টগ্রাম বোর্ডে এবার মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছেলে ৪০ হাজার ৪৯ এবং ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৮৮৮ জন।
বোর্ডের অধীনে থাকা ৯৪০ বিদ্যালয় থেকে ১৪৬টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
গতবার এ সংখ্যা ছিল ৭৬ হাজার ৯৫৯ জন।
বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। আগামী ১ ফেব্র“য়ারি সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে।
নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের সঙ্গে এ সভার আয়োজন করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ৫০টি সাধারণ ও ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা পর্যক্ষেণে নিয়োজিত থাকবে।
তিনি জানান, বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৯ হাজার ১২২ জন ছাত্র এবং ৬ হাজার ৬৮৫ জন ছাত্রী। মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৭৫৬ জন এবং ছাত্রী ১৩ হাজার ৮৭২ জন।
ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৫০২ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭১ জন এবং ছাত্রী ২৫ হাজার ৩৩১ জন।
গত বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২১৪ জন, মানবিকে ১৫ হাজার ৯২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৬ হাজার ৮২৪ জন।
মহানগরসহ চট্টগ্রাম জেলায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ১২৮ জন। গত বছর ছিল ৫৭ হাজার ১০৭ জন। চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৯৩৮ জন। গতবছর ছিল ২১ হাজার ৪৯৩ জন।
কক্সবাজার জেলায় পরীক্ষার্থী ৯ হাজার ৯৮২ জন। রাঙামাটি জেলায় পরীক্ষার্থী ৫ হাজার ৫২০ জন। খাগড়াছড়িতে পরীক্ষার্থী ৫ হাজার ৬৪৯ জন। বান্দরবানে পরীক্ষার্থী ১ হাজার ৬৫৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/২১২৯ ঘ.
bdnews24