২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ধর্মঘট, তবে ক্লাস চলছে শাবিতে

ছাত্র শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট উপেক্ষা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

শাবি, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট উপেক্ষা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। রোববার সকাল থেকে সব বিভাগে ক্লাস চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। তার আগে সকালে নির্ধারিত সময়ে ক্যাম্পাস বাসগুলো ছেড়ে যায়। গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করলে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের জের ধরে জামায়াত সমর্থক শিবির তিন দফা দাবিতে ১৫ জানুয়ারি থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয়। শুরুর কয়েকদিন ক্লাস-পরীক্ষা ব্যাহত হলেও রোববার ধর্মঘটের কোনো ছাপ দেখা যায়নি। সকাল থেকে ক্লাসের পাশাপাশি ল্যাব, টার্মটেস্ট ও প্রশাসনিক সব কাজও চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ইসফাকুল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনিক ভবনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন কার্যক্রমও চলছে। তবে সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি কাজ করছে। কমিটির প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি অগ্রগতির দিকে। শিগগিরই ক্যাম্পাস পুরোপুরি সচল করতে কমিটি প্রশাসনকে সুপারিশ করবে। প্রক্টর হিমাদ্রি শেখর রায় বলেন, অন্যদিনের তুলনায় উপস্থিতি ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন বলেন, শিক্ষার্থীরা শিবিরের ধর্মঘট প্রত্যাখ্যান করেছে। তবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আ জ ম মুজাহদ রুমী বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১৯ ঘ.