রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী অপহৃত নয়, তারা র্যাবের হাতে আটক হয়েছে।
আটককৃত রকিবুল হাসান রকি (২৪) ও ইমতিয়াজ জামান রকিকে (২৩) তৌফিকুল ইসলাম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী র্যাব-৫ এর লেফটেন্যান্ট মাহদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
শুক্রবার বেলা আড়াইটার দিকে মহানগরীর ভদ্রা থেকে রকিবুল ও বেলা সাড়ে ৩টার দিকে ইমতিয়াজকে কাঁটাখালি থেকে অপহরণ করা হয় বলে রাজশহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়।
তবে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৮টার দিকে মহানগরীর মতিহার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে রকিবুল ও ইমতিয়াজকে আটক করা হয়।
এ ব্যাপারে রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২টার দিকে র্যাব ওই দুজনকে রাজপাড়া থানায় সোপর্দ করে।
গত বছরের ২২ অক্টোবর দুপুরে মহানগরীর বুলনপুর চর থেকে রাজপাড়া থানা পুলিশ তৌহিদুল ইসলামের (৩৮) লাশ উদ্ধার করে। তৌহিদুল ইসলাম যশোর জেলার ঝিকড়াগাছা থানা এলাকার মহিদুল ইসলামের ছেলে।
ওই দিন দুপুরে তৌহিদুলের ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে মহানগরীর রাজপাড়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৯৫০ ঘ.
bdnews24