২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের ২ কর্মী অপহৃত: দাবি সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র রকিবুল হাসান ওরফে রকি এবং ভূগোল ও পরিবেশবিদ্যার ইমতিয়াজ জামান। সংগঠনটির নেতাদের দাবি, শুক্রবার নগরীর ভদ্রা ও কাটাখালী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ নেই। তাদের মোবাইল ফোনও বন্ধ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে তিনি ও রকিবুল হাসান সিরাজগঞ্জে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে অটোরিকশায় রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। “অটোরিকশাটি নগরীর তালাইমারী মোড় পার হওয়ার পর একটি সাদা রঙের মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো-ঘ ১১-৭৭১৬) অটোরিকশার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নেমে রকিবুল হাসানের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাকে জোর করে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।” তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান তিনি। এদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি জাকির হোসেন বলেন, ইমতিয়াজ জামান তার চাচাতো ভাই এবং দিনি ছাত্রলীগকর্মী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, বেলা সাড়ে ৩টার দিকে ইমতিয়াজ নিজ বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নগরের কাটাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। এসময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার নাম-পরিচয় জানতে চায়। এরপর তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী দুই কর্মী অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা শোনার পর ছাত্রলীগের পক্ষ থেকে মতিহার থানা পুলিশ ও র‌্যাব-৫ এর সঙ্গে যোগাযোগ করে অন্যায়ভাবে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কোনো কিছু না করার জন্য অনুরোধ করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর লেফটেন্যান্ট মাহদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে তার কিছু জানা নেই। জানা গেলে সাংবাদিকদের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে। র‌্যাব-৫ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মতিহার থানার ওসি আকবর হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ কিছু জানে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কে বা কারা তাদের অপহরণ করেছে সে সম্পর্কে তিনি স্পষ্টভাবে কোনোকিছু বলতে পারেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে, বলেন তিনি। নাসীম ও নোমানী হত্যা মামলার আসামি ইমতিয়াজ জামান। ২০১০ সালের ১৫ অগাস্টের শোক দিবসের বিশেষ খারারের টোকেন বিতরণকে কেন্দ্র করে নাসরুল্লা নাসীমকে এস এম হলের দ্বিতীয় তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। ২৩ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে তার মৃত্যু হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নোমানী ২০০৯ সালের ১৩ মার্চ শিবির ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন। নোমানী বিশ্ববিদ্যালয়ের এস এম হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়া রকিবুল হাসান ওরফে রকি গত বছরের ৮ ফেব্রুয়ারি ছাত্রদলকর্মী আহসান উজ্জামান ওলিনকে (ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-৪র্থ বর্ষ) ছুরিকাঘাত করার মমলার আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫৫ ঘ.