২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ধর্মঘটেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক

শিবিরের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’একটি বিভাগে নির্ধারিত পরীক্ষা না হলেও শিক্ষা কার্যক্রম ছিলো স্বাভাবিক। অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সমিতির নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবিরের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’একটি বিভাগে নির্ধারিত পরীক্ষা না হলেও শিক্ষা কার্যক্রম ছিলো স্বাভাবিক। অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সমিতির নির্বাচন। সকালে নির্ধারিত সূচি অনুযায়ী ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যায়। তবে আতঙ্কের কারণে অনেকেই বাসে না চড়ে ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে পৌঁছান। গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে আনন্দ মিছিল বের করলে ১১ জানুয়ারি ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের জের ধরে তিন দফা দাবিতে রোববার অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শিবির। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তুতিকালীন ছুটি শেষে কয়েকটি বিভাগে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলছে; কোনো ক্লাস নেই। এরই মধ্যে বেশিরভাগ বিভাগের পরীক্ষাও শেষ হয়ে গেছে। এজন্য অন্য সময়ের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। মঙ্গলবার অর্থনীতি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগ ছাড়া অন্য বিভাগে নির্ধারিত পরীক্ষা হয়েছে। অর্থনীতি বিভাগে পরীক্ষা না নেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিভাগের প্রধান হাসানুজ্জামান শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দু’এক জন শিক্ষার্থী উপস্থিত হতে না হওয়ায় পরীক্ষা নেওয়া হয়নি।” তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিলো বলে দাবি করেন প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ (মঙ্গলবার) পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিলো। বাস চলেছে। শিক্ষার্থীরাও এসেছে। হয়েছে পরীক্ষা। তিনটি বিভাগে সবাই উপস্থিত না হওয়ায় পরীক্ষা নেওয়া হয়নি। তবে আগামীকালের মধ্যে সব স্বাভাবিক হয়ে আসবে।” বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সামসুজ্জামান চৌধুরী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রশিবিরের ধর্মঘট সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। তাই ক্যাম্পাসে তাদের উপস্থিতি স্বাভাবিক ছিলো। তাছাড়া পরীক্ষাও হয়েছে।” অবশ্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আ জ ম মুজাহিদ রুমী। এদিকে, ধর্মঘটের মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৯ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সামশুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোট ৪১৬ জন ভোটারের মধ্যে দেশে রয়েছেন ৩১২ জন। বাকিরা ছুটিতে। সে হিসেবে ১৩ জন ভোট দেননি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯০১ ঘ.