ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পেরে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সকাল সাড়ে ১১টায় শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির বলেন, “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যখন হত্যা, ধর্ষণসহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তখন সরকার ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় না রেখে আমাদের বিরুদ্ধে শত শত পুলিশ লাগিয়ে দিয়েছে।”
এর আগে শাহবাগ মোড় থেকে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
নাসির স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশের পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখুন, অযথা আমাদের পেছনে পুলিশকে লেলিয়ে না দিয়ে আগে দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনুন।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মোট নয় জন নেতা-কর্মী কারাগারে আছে জানিয়ে তাদের মুক্তিও দাবি করেন নাসির।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন বলেন, “ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠন তাদের কর্মকাণ্ড চালালেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দালাল ভিসির কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছি না।”
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হায়দার আলী লেলিন, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদলের মিছিলে বাধা দেওয়ার বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ক্যাম্পাসে ঢুকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই আশঙ্কা থেকেই তাদের ঢুকতে দেওয়া হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬১০ ঘ.
bdnews24