২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আসিফকে নিরাপত্তা দিন, মতপ্রকাশে দায়িত্বশীল হোন'

আসিফ নজরুলের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আাহ্বান জানিয়ে মত প্রকাশে শিক্ষকদের আরো সচেতনতা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসিফ নজরুলের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আাহ্বান জানিয়ে মত প্রকাশে শিক্ষকদের আরো সচেতনতা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। আইন বিভাগের শিক্ষক আসিফের একাডেমিক কার্যক্রম নির্বিঘœ রাখার ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি শনিবার এক বিবৃতিতে আহ্বান জানায় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “স¤প্রতি আইন বিভাগের অধ্যাপক ড. মো. আসিফ নজরুলের দেলোয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ সম্পর্কিত একটি উক্তিকে কেন্দ্র করে আইন বিভাগে তার অফিস কক্ষে তালা লাগানো ও অফিসের সামনে আগুন লাগানোর সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অধ্যাপক নজরুল নিজেও বিষয়টি শিক্ষক সমিতিকে জানিয়েছেন।” “কারো উক্তির বিরোধিতা করতে গিয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই প্রশ্রয় দিতে পারে না”- এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “তবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ মতামত প্রদানের ক্ষেত্রে আরো সচেতন ও দায়িত্বশীল হবেন।” অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় আসিফ নজরুলকে বহিষ্কারের দাবিতে বুধবার রাতে তার কক্ষে তালা ঝোলায় এবং কক্ষের সামনে আগুন দেয় ‘স্লোগান-৭১’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। পরদিন উপাচার্যকে স্মারকলিপি দেয় সংগঠনটি। গত ৩১ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টক শো ‘ফ্রন্টলাইনে’ আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, সাঈদী ৭১-এ যুদ্ধাপরাধে কোনোভাবেই জড়িত ছিলেন না। কারণ তিনি তখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১৭ ঘ.