২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা কিনতে হয়: জবি উপাচার্য

উন্নয়ন ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, উচ্চশিক্ষা পেতে হলে কিনতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন ফি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, উচ্চশিক্ষা পেতে হলে কিনতে হবে। মঙ্গলবার দুপুরে উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি ওই মন্তব্য করেন। উপাচার্য বলেন, “উচ্চশিক্ষা টাকা দিয়ে কিনে নেওয়ার জিনিস, ব্যয়বহুলের প্রশ্ন অবান্তর। শিক্ষার্থীদের এ আন্দোলনের কোনো যুক্তি নেই।” পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণাও দেন তিনি। এদিকে ওই বৈঠককে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলকারীরা বুধবার থেকে পরীক্ষা এবং ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছে। এর আগে বেলা ১১টার দিকে উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পসে বিক্ষোভ মিছিল বের করে। পৌনে ১টার দিকে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উপাচার্যকে বৈঠকে বসার দাবি জানাতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েকদফা ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতিতে দুপুর পৌনে ২টার দিকে প্রক্টর অধ্যাপক ড.কামালউদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে উপাচার্যের সঙ্গে নিয়ে বৈঠকে বসার জন্য নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদে দাবি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক থেকে বেরিয়ে ছাত্রফ্রন্টের আহ্বায়ক শরীফুল চৌধুরী বলেন, উপাচার্য আমাদের কোনো আশ্বাসই দেননি। উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। এদিকে, আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসনা হেনা বেগমকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছিলো। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে ব্যাপক আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন। তবে তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে ‘গড়িমসি’ করছে- এমন অভিযোগ এনে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৫২ ঘ.