২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়: উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রলীগের ভূমিকা ‘অত্যন্ত প্রশংসনীয়’ বলে মনে করেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রলীগের ভূমিকা ‘অত্যন্ত প্রশংসনীয়’ বলে মনে করেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বুধবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করে ছাত্রলীগসহ সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান উপাচার্য। সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের ওই অনুষ্ঠানে উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, “পড়ালেখায় মনোযোগী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি।” সংগঠনের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর দেড়টায় চবি প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ছাত্রলীগের প্রশংসা করলেও গত কয়েক বছরের ঘটনা প্রবাহ তার বিপরীত। এছাড়া চলতি মাসে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর ছাত্রলীগকর্মীদের হামলার ঘটনা ঘটে। এর জেরে একটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা এবং দুটি বিশ্ববিদ্যালয় থেকে দুই ছাত্রলীগকর্মীকে স্থায়ী বহিষ্কার ও আরো ছয় কর্মীকে সাময়িক বহিষ্কারের ঘটনা ঘটে। এ পটভূমিতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকর্মীদের ‘সুপথে’ ফিরে আসার পরামর্শ দেন। বুধবার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। গত আড়াই বছরে চবি’র শাটল ট্রেনের ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠনের কর্মীদের মধ্যে কমপক্ষে ১০ বার বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারও করে চবি প্রশাসন। যাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সাঙ্গে যুক্ত। সর্বশেষ গত রোববার (১ জানুয়ারি) রাতে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনার পর সোমবার দুপুরে চবি প্রশাসনিক ভবনে আধঘণ্টার জন্য তালাও লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা। এর বাইরে ছোটখাট ধাওয়া-ধাওয়ি, হাতাহাতি ও কিলঘুষি মারার ঘটনাও ঘটে। এছাড়া চবি শিক্ষক ও প্রক্টরের সঙ্গে ছাত্রলীগকর্মীদের দুর্ব্যবহারের ঘটনাও ঘটে। এসবের জের ধরে গত বছরের ২ অগাস্ট প্রক্টর ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছিল। পরে উপাচার্যের অনুরোধে তারা কিছুদিন কাজ চালান এবং নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়। ছাত্রলীগের চবি শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মামুনুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ খালেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবুল মনছুর সিকদার, সহ-সাধারণ সম্পাদক সুমন মামুন প্রমুখ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চবি ছাত্রলীগ ক্যাম্পাসের রেলস্টেশন চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে ছাত্রলীগের পাঁচশতাধিক নেতা-কর্মী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০০২ ঘ.