শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তদের হাতে খুন হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের পরিবার দ্রুত বিচার আইনে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
বুধবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে দীপংকর ঘোষ অনিকের পিতা দীপক ঘোষ উপাচার্য ড. মো. সালেহ উদ্দিনের সঙ্গে দেখা করে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তরে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুই শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ভবন ও গ্রন্থাগার ভবনের নামকরণ, তাদের স্মরণে ম্যুরাল স্থাপন, তাদের নামে বৃত্তি প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সুইমিংপুল নির্মাণ করার দাবি জানানো হয়েছে।
গত ১৬ ডিসেম্বর কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের আট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাদাঘাট এলাকার চেঙ্গেরখালে বেড়াতে যান। এ সময় দুর্বৃত্তদের হামলায় দীপংকর ঘোষ অনিক ও খায়রুল কবির নিহত হন।
অনিকের বাবা দীপক ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিক শুধু আমার ছেলে ছিলো না, বন্ধুও ছিলো। তার অভাব আমি প্রতি মুহূর্তে অনুভব করি। আমি চাই না আমার মতো আর কোন পিতার বুক এভাবে খালি হোক।”
দাবির ব্যাপারে উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন বলেন, পুলিশ ও র্যাব প্রশাসন এপর্যন্ত ১০ জন জড়িত ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। আশা করি দুই ছাত্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১০ ঘ.
bdnews24