ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ‘উন্নয়ন ফি’ প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট।
তাদের অন্য দাবিগুলো হলো- জবিতে অনুষ্ঠিত ছাত্রজোটের ব্যাংক অবরোধ কর্মসূচি ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত এবং অবিলম্বে কুয়েট খুলে দেওয়া।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এসব দাবি করা হয়।
ওই দুই দাবিতে প্রগতিশীল ছাত্রজোট আগামী ৫ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সংহতি সমাবেশও করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব ইরান বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে।”
তিনি বলেন, “ভর্তি ফি নিয়ে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে মঙ্গলবার ছাত্রলীগের হামলায় জোট নেতা-কর্মীসহ ২৫ জন আহত হয়।”
এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ইরান বলেন, ২০০৯ সালে ৪১৫ টাকা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প মেয়াদ শেষ হলে ‘উন্নয়ন ফি’ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন উপাচার্য।
“অথচ, এবছর পুনরায় শিক্ষার্থীদের ওপর উন্নয়ন ফি ধরা হয়েছে।”
জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে পাঁচ বছর পর নিজস্ব অর্থায়নে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলানোর কথা বলা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়িয়ে দেওয়া হলে গত বছরের মাঝামাঝি সময়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24