২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়ে গেলো এমবিবিএস ভর্তি পরীক্ষা

প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং আগের রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং আগের রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারাদেশের ১৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এ পরীক্ষা হয়। পরীক্ষা ঠিকভাবে হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ। রংপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর স্বাস্থ্য সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, "প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর আমাদের কাছে আসেনি। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত যে খবর বেরিয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই।" এদিকে বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, এক চিকিৎসক এবং একজন ব্যাংকারও রয়েছেন। উদ্ধার হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল ছিলো না বলে র‌্যাব জানিয়েছে। এ বছর সরকারি মেডিকেল কলেজের ২৭৬০ এবং ডেন্টালের ২৮০ আসনের বিপরীতে ৫১ হাজার ২৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৩৬৬৩ এবং ডেন্টালে ৭৬৫ আসন রয়েছে। প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর এ পরীক্ষা নির্বিঘেœ শেষ করতে গুরুত্ব দেয় কর্তৃপক্ষ। ১০১ সদস্যের কমিটি ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও সম্পৃক্ত হন। এ পরীক্ষা হওয়ার কথা ছিলো গত ২৩ সেপ্টেম্বর। সরকারি একটি ছাপাখানা থেকে গত ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়লে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.