ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে আরো ২০ দিন সময় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাক্রম চালু, অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নের জন্য গঠিত কমিটিকেও আগামি ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা ত'র করতে চলতি বছরের ২৬ জানুয়ারি শিক্ষা আইন প্রণয়নের জন্য শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এছাড়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য ২৪টি উপ-কমিটি কাজ করছে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক শিক্ষা স্তরকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।
সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষা ক্ষেত্রে নানান বাধা দূর করার লক্ষ্যে শিক্ষা আইন করা হচ্ছে। এই আইনের খসড়া চূড়ান্ত হলে তা সংসদে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, "দু'এক বছরে জাতীয় শিক্ষানীতির সব কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়, এটা আমাদের লক্ষ্যও নয়। মূল লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24