শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো বিভাগের প্রাক্তন সব ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ কৌশল (সিইই) বিভাগ।
২৯-৩০ সেপ্টেম্বর শাবি ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন।
পুনর্মিলনীর আহ্বায়ক সিইই বিভাগের প্রভাষক মো. ইমরান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত সিইই বিভাগ থেকে প্রায় ১২টি ব্যাচ সফলতার সঙ্গে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন।
প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনী নিয়ে বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বলে জানান প্রভাষক ইমরান।
বৃহস্পতি এবং শুক্রবারের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে র্যালি, স্মৃতিচারণ, বনভোজন, ক্যাম্পফায়ার এবং আনন্দভোজের ব্যবস্থা।
এ পুনর্মিলনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং কালের কন্ঠ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২১ ঘ.
bdnews24