২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দাবিতে সংবাদ সম্মেলন জবি শিক্ষার্থীদের

নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পুরান ঢাকার এ পাবলিক বিশ্ববিদ্যালয় পূজার ছুটি ঘোষণার পর দিন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবি জানিয়েছে। এ আইনে বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে। এতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার পর শিক্ষার্থীরা গত রোববার বিক্ষোভে ফেটে পড়ে। জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভের সময় ভাংচুর চালালে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। এর পাশাপাশি বেদখল হল উদ্ধার, শিক্ষক সঙ্কট দূর করার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। আইনের সমালোচনা করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসিফ মুক্তাদির বলেন, "বিশ্ববিদ্যালয় কি কোনো কলকারখানা কিংবা ফার্ম বা দোকানপাট যে তাকে আয় করতে হবে। এখানে নিজস্ব আয় মানে শিক্ষার্থীদের মাথার ওপর বেতন ফি বর্ধিত করা।" এ আইনের কারণ বিশ্ববিদ্যালয়টি পাবলিক হলেও প্রাইভেটের রূপ পাচ্ছে বলে দাবি করেন তিনি। হঠাৎ করে পূজার ছুটি দেওয়ার সমালোচনা করে মুক্তাদির বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বাধাগ্রস্ত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনের এ জটিলতার সমাধানের পথ খোঁজা হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন। মুক্তাদির বলেন, "এটা পরিষ্কার বক্তব্য নয়। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্লিয়ার ডিক্লারেশন চাই।" সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- আগামী ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ অক্টোবর শহীদ মিনারে সংহতি সমাবেশ। এছাড়া ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.