২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে মন্দির নির্মাণের দাবিতে অবরোধ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবিতে দুইঘণ্টা সড়ক অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবিতে দুইঘণ্টা সড়ক অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার তারা স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নিলে কর্তৃপক্ষ বাধা দেয়। এর জেরে মঙ্গলবার রাতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ এবং ডুয়েটের পাশের ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে। পরে কয়েকজন শিক্ষক এবং হিন্দু পরিষদের এক নেতার বিষয়টি সমাধানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুয়েট কর্তৃপক্ষ সনাতন ধর্মাবলম্বীদের সাময়িকভাবে পূজা করার অনুমতি দিলেও স্থায়ী মন্দির নির্মাণের অনুমতি দেয়নি। এরপরও তারা ক্যাম্পাসে স্থায়ীভাবে মন্দির নির্মাণের উদ্যোগ নিলে বাধা দেওয়া হয়। এতে হিন্দু শিক্ষার্থীরা রাত ৮টার দিকে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ডুয়েটের কয়েকজন শিক্ষক এবং গাজীপুর জেলা হিন্দু পরিষদের নেতারা উপাচার্যের সঙ্গে বুধবার আলোচনা করে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে রাত পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.