২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় বিসিএস পরীক্ষা না রাখার দাবি

দুর্গাপূজা চলার সময়ে বিসিএস লিখিত পরীক্ষা এবং সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা চলার সময়ে বিসিএস লিখিত পরীক্ষা এবং সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী এ দাবির কথা জানান। তিনি বলেন, "হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। এ সময় বিসিএস পরীক্ষা নেওয়া হলে হিন্দু শিক্ষার্থীরা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে।" পূজার সময় বিসিএস পরীক্ষা রাখায় পাবলিক সার্ভিস কমিশনের সমালোচনা করে সুব্রত চৌধুরী বলেন, "এতো বড় পরীক্ষার তারিখ নির্ধারণের সময় দেশের অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসবের বিষয়টি দৃষ্টি এড়িয়ে গেছে- এটা বিশ্বাসযোগ্য নয়।" আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণের দাবি জানান তিনি। একইসঙ্গে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালী পূজার দিনগুলোতে কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান। রাজধানীর সূত্রাপুরের শিবমন্দিরসহ লালমনিরহাট, রাজশাহী, নারায়ণগঞ্জ, মাগুরা, বান্দরবান ও রাঙ্গামাটির কিছু জায়গায় প্রতিমা ভাংচুরসহ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সুব্রত চৌধুরী। তিনি দেশের সব পূজামণ্ডপে নির্বিঘেœ পূজা উদযাপনের জন্য জনগণ ও প্রশাসনের সহযোগিতা চান। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষসহ পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/১৭২১ ঘ.