ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মো. রিয়াজুল করিমের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে।
শিক্ষামন্ত্রীর নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত দল বিষয়টি তদন্ত করে সত্যতা পান। এরপর মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ শিক্ষক রিয়াজুল করিমকে সাময়িক বরখাস্ত করে।
নির্যাতিত ছাত্র বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫৩৩ ঘ.
bdnews24