২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইবি উপ-উপাচার্যকে রিমান্ডে চায় পুলিশ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিককে জিজ্ঞাসাবাতের জন্য নিজেদের হেফাজতে চাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপ-উপাচার্য অধ্যাপক আবু বকর রফিককে জিজ্ঞাসাবাতের জন্য নিজেদের হেফাজতে চাচ্ছে পুলিশ। এ আবেদন জানিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হচ্ছে বলে পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন। সোমবার বিকালে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক রফিককে আটক করা হয়। গত ১৯ সেপ্টেম্বর পুলিশ-জামায়াত সংঘর্ষের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি ইসমাইল বলেন, অধ্যাপক রফিক পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারী এবং এর পেছনে অর্থ যোগানদাতা বলে সন্দেহ করা হচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতের কর্মীদের হামলার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ওই দিন ঢাকায়ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াতকর্মীরা। মুরাদপুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩ হাজার জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে। এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অধ্যাপক রফিক একটি সেমিনারে যোগ দিতে কুয়েত যাচ্ছিলেন বলে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোশতাক খোন্দকার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৪৫ ঘ.