চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিজ্ঞান অনুষদের দুটি বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন একটি অনুষদ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
'কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)' ও 'ফলিত পদার্থ ও ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং' বিভাগ নিয়ে গঠিত এ অনুষদের নাম হবে প্রকৌশল অনুষদ।
অনুষদ হওয়ার ফলে শিক্ষার্থীরা 'প্রকৌশল' সনদ পাবেন। এর আগে বিভাগ দুটি বিজ্ঞান অনুষদের অধীনে থাকায় শিক্ষার্থীদের বিএসসি (সম্মান) সমমান সনদ দেওয়া হতো।
রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.শফিউল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ দুটি বিভাগ নিয়ে অনুষদ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এ দুই বিভাগের শিক্ষার্থীরা গত ১ সেপ্টেম্বর প্রকৌশল ডিগ্রি দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। গত ১৭ সেপ্টেম্বর দুই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও আইটি অনুষদের সামনে অবস্থান ধর্মঘটও করে তারা করে। রোববারের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে সমস্যা নিরসনের আশ্বাসের প্রেক্ষিতে সে সময় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
সান্ধ্যকালীন এমবিএ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম চালুরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
শফিউল আলম বলেন, এমবিএ প্রোগ্রামের কার্যক্রম চলবে বিশ্ববিদ্যালয়ের শহর ক্যাম্পাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০৫১ ঘ.
bdnews24