২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে যা আছে

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চম বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হতে বহন করার বাধ্যবাধকতা রেখেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন প্রনয়ণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চম বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হতে বহন করার বাধ্যবাধকতা রেখেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন প্রনয়ণ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যয় ও ছাত্র বেতনাদি সংক্রান্ত ২৭ (৪) ধারায় বলা আছে, "বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হইবার পর বিশ্ববিদ্যালয়ের পুনঃপৌনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাইবে এবং পঞ্চম বছর হইতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়েল নিজস্ব আয় ও উৎস হইতে বহন করিতে হইবে।" ধারা ২৭ (১) এ বলা আছে, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরিখে প্রতি বছর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায়যোগ্য বেতন ও ফিস নির্ধারিত হবে। ধারা ২৭ (২) এ বলা আছে, সেমিস্টার অনুযায়ী নির্ধারিত বেতন ও ফিস সেমিস্টার শুরু হবার আগেই পরিশোধ করতে হবে। ধারা ২৭ (৩) এ বলা আছে, বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রণীত প্রকল্প ব্যয়ের অন্যূন ১৬ শতাংশ অর্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে যোগান দেওয়া হবে এবং অবশিষ্ট অর্থ সরকার কর্তৃক প্রদেয় হবে। এছাড়া ধারা ২৭ (৫) এ বলা আছে, সরকার বা অন্যান্য বৈধ উৎস হতে প্রাপ্ত অনুদান বা আয় হতে প্রয়োজনের নিরিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বৃত্তি বা ক্ষেত্রমতে উপবৃত্তি প্রদান করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯১৬ ঘ.