ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক মো. আমিরুল ইসলাম খানকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
আমিরুল যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক।
চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্ঘটনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচির মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান যশোর বোর্ডের তৎকালীন চেয়ারম্যান আবুল বাশার মোল্লা। শোক কর্মসূচি পালন না করে ফুল, গান ও নৃত্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৭ জুলাই আবুল বাশারকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় বোর্ডের সচিব অধ্যাপক কামরুল হুদাকে বাশারের স্থলাভিষিক্ত করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯৫৮ ঘ.
bdnews24