ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিট ভবনে জাতীয় অধ্যাপক রংগলাল সেনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "কেবল আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেই সমাজের পরিবর্তন সম্ভব নয়, চাই এসব জ্ঞান ও বিজ্ঞানের সঠিক প্রয়োগ। পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।"
বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, "ক্লাসরুমে টিচারদের লেকচার দেওয়া আর শিক্ষার্থীর তা শোনা, এটা বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় হবে মক্তবুদ্ধি, জ্ঞান চর্চা ও গবেষণা তথা সৃজনশীলতার জায়গা।"
জাতীয় অধ্যাপক রংগলাল সেন সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "রংগলাল সেন একমাত্র ব্যক্তি যিনি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি সব শিক্ষার্থীর মনের কথা বোঝেন। তিনিই প্রকৃত শিক্ষক। তিনি সম্মান পাবার যোগ্য, তাকে সম্মাননা দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি।"
"বিশ্ববিদ্যালয় প্রগতিশীলতা, গণতান্ত্রিকতা চর্চার স্থান হলেও ১৯৬০ এর দশকে খুব শিক্ষকই এর চর্চা করতে পেরেছেন। রংগলাল সেন তেমনই একজন অধ্যাপক যিনি প্রতিকূল পরিবেশেও এসবের চর্চা করেছেন।"
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, "রংগলাল সেন অসা¤প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার মানুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি একজন জ্ঞান তাপস।"
জগন্নাথ হল অ্যালামনাই আ্যসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য অজয় দাস গুপ্ত বলেন, "অধ্যাপক তিনিই- যিনি জ্ঞান, সংস্কৃতি, সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান ধারণ করেন। অধ্যাপক রংগলাল সেন শুধু বিশেষ জ্ঞানে ঋদ্ধই নন, তিনি তা অকাতরে বিতরণ করে চলেছেন, জ্বালিয়ে রেখেছেন নিরন্তর আলো।"
জাতীয় অধ্যাপক রংগলাল সেন বলেন, "আমাকে যেভাবে সম্মানিত করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এতো বড় মানুষ হতে পারিনি। যতোদিন বেঁচে থাকবো, ততোদিন মানুষের পাশে থাকবো।"
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রংগলাল সেন ২৫টিরও বেশি বই লিখেছেন। চলতি বছরে ১৪ জুন সরকার তাকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক মনোনীত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং জগন্নাথ হল অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০২২৮ ঘ.
bdnews24