ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তার জন্য প্রাথমিক পর্যায়ের ৭৮ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।
বৃহস্পতিবার এক কর্মশালায় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের ১ কোটি ৭৮ লাখ শিক্ষার্থীর মধ্যে সরকার ৭৮ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে।
দরিদ্র শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তার জন্য প্রাথমিকে দ্বিতীয় পর্যায়ের উপবৃত্তি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের এক সন্তান বিদ্যালয়ে গেলে ওই পরিবারকে মাসিক ১০০ টাকা এবং একাধিক সন্তান গেলে মাসিক ১১৫ টাকা টাকা করে উপবৃত্তি পাবে।
৩ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চলতি বছরের ২৬ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়।
উপবৃত্তি কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।
প্রাথমিক শিক্ষার বিস্তার ও মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির পাশাপাশি ২০০০ সাল থেকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয়।
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে 'প্রাথমিক শিক্ষা বিস্তারে উপবৃত্তির ভূমিকা' শীর্ষক জাতীয় এই কর্মশালায় আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা পর্যদের সভাপতিরা উপবৃত্তি নিয়ে তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি-দাওয়া তুলে ধরেন।
এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার আশ্বস্ত করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী ও প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক আব্দুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24