ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম হলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বুধবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নতুন উপস্থিতি বিধি বাতিলের দাবি জানায় তারা।
গত ৭ অগাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাডেমিক কাউন্সিল সভায় ক্লাসে ৬০ শতাংশের কম উপস্থিতির জন্য পরীক্ষায় অংশ নিতে না দেওয়া এবং ৬০ থেকে ৭৪ শতাংশ উপস্থিতির জন্য পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি সংক্রান্ত নতুন সিদ্ধান্ত হয়।
তারপর থেকেই শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে আসছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিনশ' শিক্ষার্থী বুধবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য কার্যালয়ে গিয়ে স্বারকলিপি দেয়।
ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম হলেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ, উপস্থিতির ওপর নম্বর রেখে জরিমানা বাদ দেওয়া, সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়ার সময় শিক্ষার্থীদের প্রতিনিধি রাখা এবং 'নামে-বেনামে' বেতন-ফি বৃদ্ধি বন্ধের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলের মাধ্যমে হয়েছিল বলে সেখানেই এর সমাধান করতে হবে। তবে শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১৩২ ঘ.
bdnews24