টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসবাবপত্র ভাংচুর ও শিক্ষককে অবরুদ্ধ করার প্রতিবাদে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দু'দিনের কর্মবিরতি চলছে।
এ কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। বুধবারও এ কর্মবিরতি চলবে।
এদিকে এক কর্মচারীকে মারধরের প্রতিবাদ ও তিনদফা দাবিতে কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে এবং আসবাবপত্র ভাংচুর করে।
একই সময় তারা এমএলএসএস মো. আব্বাস আলী সিদ্দিকী এবং প্রক্টর অফিসের অ্যাটেনডেন্ট মো. আল মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর উমর ফারুক সাংবাদিকদের জানান, ক্রেডিট ফি কমানোর দাবিতে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বিভাগের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও কম্পিউটার ভাংচুর এবং বিভাগীয় চেয়ারম্যান রোকেয়া বেগমকে অবরুদ্ধ করে।
"এর প্রতিবাদে শিক্ষকরা মঙ্গল ও বুধবার কর্মবিরতি পালন করবেন," বলেন তিনি।
প্রক্টর আরো বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার থেকে ক্লাশ শুরু হবে বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুল ইসলাম তালুকদার বলেন, ইতোপূর্বে বিভিন্ন সময়ে নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন থেকে কোন সুষ্ঠু বিচার পাওয়া যায়নি। তাই তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের দাবিগুলো হলো- শারীরিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার এবং কর্মকর্তা ও কর্মচারী সংক্রান্ত তদন্ত কমিটিতে সংশ্লিষ্টশ সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির অনুমোদন দিতে হবে এবং নিরাপত্তা পুলে আনসারের ব্যবস্থা করতে হবে।
ফুড টেকনোলজি অ্য্যাান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা তাদের ¯œাতক (সম্মান) ডিগ্রিকে প্রকৌশল ডিগ্রি (বিএসসি ইঞ্জিনিয়ারিং) করার দাবিতে দু'বার অনশনসহ এক বছর ১৩ দিন আন্দোলনের পর ক্লাসে যোগ দেয়।
এরই মধ্যে পেরিয়ে গেছে তাদের দু'টি সেমিস্টার। এখন ওই দুই সেমিস্টারের পরীক্ষা দিতে হচ্ছে।
আগে তাদের প্রতি ক্রেডিটের ফি ছিল ২০০ টাকা। সম্প্রতি সেই ফি কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে।
কিন্তু ওই শিক্ষার্থীরা আগের পরীক্ষাগুলো দেওয়ার জন্যও বর্তমানের ফি (১৫০ টাকা) দেওয়ার দাবি করে আসছে।
এ ব্যাপারে প্রক্টর সাংবাদিকদের বলেন, আগের পরীক্ষার ক্ষেত্রে ক্রেডিট ফি কম নেওয়ার সুযোগ নেই। কারণ সেক্ষেত্রে ওই সময় যারা ২০০ টাকা দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে তাদের ৫০ টাকা করে ফেরত দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24