২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন বিধি সংশোধনের দাবি কিন্ডারগার্টেনগুলোর

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অ্যসোসিয়েশনের চেয়ারম্যান রেহানা আক্তার বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা বাস্তবভিত্তিক নয়। ফলে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান কমে যাবে এবং কয়েক লাখ শিক্ষক কর্মহীন হয়ে পড়বেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা প্রণয়নের আগে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সমাবেশে বক্তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের সময়সীমা প্রাথমিকভাবে দুই বছর করা এবং নিবন্ধন পাওয়ার পর পাঁচ জন শিক্ষক ও একজন কর্মচারীর বেতনভাতা সরকার থেকে দেওয়ার দাবি জানান। এছাড়া ভূমি ও ভবন, সংরক্ষিত তহবিল, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিদ্যালয়ের শাখা খোলার শর্ত শিথিলসহ ১১ দফা দাবি জানানো হয়। একই দাবিতে দেশের ৫০টি জেলার একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে সমাবেশে জানানো হয়। সমাবেশে অ্যাসোসিয়েশনের মহাসচিব মনোয়ারা ভূঞা, সহ-সভাপতি আব্দুল বাকীসহ অনেকেই বক্তব্য দেন। গত ৫ সেপ্টেম্বর ৩০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের বাধ্যবাধকতা রেখে বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১১ জারি করে সরকার। এ বিধিমালা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সবই বিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ের জন্য 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংরক্ষিত তহবিল' ও 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ তহবিল' নামে দুটো তহবিল রাখাও বাধ্যবাধকতা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/এমআই/১৪০০ ঘ.