২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

নগরীর আগ্রাবাদস্থ সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিন ছাত্রলীগ নেতা-কর্র্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদস্থ সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিন ছাত্রলীগ নেতা-কর্র্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত'র নেতৃত্বে 'দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে' একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে সামনের সড়কে এলে এলাকার ছাত্রলীগ নামধারী নেতা 'মাছ' কাদেরের অনুসারী ছাত্রলীগের অন্য পক্ষ লাঠিশোঠা নিয়ে মিছিলে হামলা চালায়। ডবলুমরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে তিন- চারজন সামান্য আহত হয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শান্তর অনুসারী নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী হিসেবে পরিচিত মাছ কাদের মাসখানেক ধরে কমার্স কলেজে ছাত্রলীগের নেতাদের চাঁদাবাজিতে ব্যবহারের চেষ্টা করছেন। শান্তসহ অন্যরা এতে বাধা দেওয়ায় হামলা চালানো হয়েছে।" জামাল জানান, হামলায় জাহাঙ্গীর হোসেন শান্ত, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন বাবুল ও কলেজ শাখার প্রচার সম্পাদক জনি শিকদার আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুমন কান্তি নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামান্য আহত কমার্স কলেজের কয়েকজন ছাত্রলীগ কর্মী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এসআই নাজিম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা শুনেছি। বিস্তারিত কিছু জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৬২৪ ঘ.